লামায় ৫ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্বামী-শাশুড়ির বিরুদ্ধে মামলা ।
- আপডেট সময়ঃ ০৯:৫৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / ৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ করিম লামা – আলীকদম প্রতিনিধি: বান্দরবানের লামায় পাঁচ লাখ টাকা যৌতুক দাবি, মানসিক নির্যাতন ও তালাকের হুমকি দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন এক গৃহবধূ। আদালত অভিযোগটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।
মামলার বাদী তৌফিয়েত জান্নাত শান্তা (১৮)। তিনি লামা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা নম্বর ২৮৩/২০২৬ দায়ের করেন। মামলার আসামিরা হলেন তাঁর স্বামী মো. রাসেল (২৯) ও শাশুড়ি রাশেদা বেগম (৫৭)। তাঁরা লামা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লামামুখ এলাকার বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার আরজি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩ জুলাই নিবন্ধিত কাবিননামার মাধ্যমে রাসেল ও শান্তার বিয়ে হয়। বিয়ের প্রায় এক মাস পর রাসেল প্রবাসে চলে যান। অভিযোগে বলা হয়, ব্যবসায়িক ক্ষতির কথা উল্লেখ করে এবং প্রবাসে কারাবাসের আশঙ্কার কথা জানিয়ে রাসেল তাঁর স্ত্রীর পরিবারের কাছে জরুরি ভিত্তিতে সাত লাখ টাকা যৌতুক দাবি করেন। পরে শান্তার নিম্ন-মধ্যবিত্ত পরিবার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ধারদেনা করে দুই লাখ টাকা সংগ্রহ করে তাঁর শাশুড়ি রাশেদা বেগমের হাতে তুলে দেয়।
বাদীর অভিযোগ, ওই টাকা পাওয়ার পরও রাসেল অবশিষ্ট পাঁচ লাখ টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তিনি স্ত্রীকে তালাক দেওয়ার হুমকি দেন। বিষয়টি শাশুড়িকে জানানো হলেও তিনি ছেলের পক্ষ নিয়ে বাকি টাকা সংগ্রহ করে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গৃহবধূ শান্তার ভাষ্য অনুযায়ী, গত শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় তিনি মা-বাবাকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে গেলে শাশুড়ি রাশেদা বেগম তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। একই সঙ্গে পাঁচ লাখ টাকা না দিলে তাঁকে সংসার করতে দেওয়া হবে না এবং বাড়িতেও থাকতে দেওয়া হবে না বলে জানিয়ে দেন। পরে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করেন। তবে স্থানীয়ভাবে বিচার-সালিশের মাধ্যমে কোনো সমাধান না হওয়ায় তিনি আদালতের শরণাপন্ন হন।
মামলার বিষয়টি নিশ্চিত করে লামা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী অ্যাডভোকেট আরিফ চৌধুরী জানান, গত সোমবার (১৯ অক্টোবর) আদালত অভিযোগটি পর্যালোচনা করে আমলে নেন এবং আসামিদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন।





















