আজ থেকে সাফের টিকিট বিক্রি শুরু, যেভাবে কিনবেন
- আপডেট সময়ঃ ০৫:৪২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / ১৩ বার পড়া হয়েছে

সাফ চ্যাম্পিয়নশিপের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টা থেকে। জনপ্রিয় অনলাইন টিকিট বিপণন প্ল্যাটফর্ম ‘টিকিফাই’-এর ওয়েবসাইটে গিয়ে টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকেরা।
এর আগে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির সময় ভোগান্তির অভিযোগ উঠেছিল। তাই এবার টিকিফাইয়ের মাধ্যমে টিকিট কেনার প্রক্রিয়া কতটা নির্বিঘ্ন হয়, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে কিছুটা উদ্বেগ রয়েছে।
আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। গ্রুপপর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দর্শকদের জন্য সুখবর হলো, একটি টিকিট দিয়েই একই দিনে দুটি ম্যাচ উপভোগ করা যাবে।
যেভাবে কিনবেন টিকিট
টিকিট সংগ্রহ করতে প্রথমে টিকিফাইয়ের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ইভেন্ট পেজে প্রবেশ করতে হবে। এরপর পছন্দের ম্যাচের দিন ও গ্যালারির ক্যাটাগরি নির্বাচন করে অনলাইনে টিকিট কেনার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
টিকিটের সঙ্গে থাকা কিউআর (QR) কোডের বিষয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ। কোডটি অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। একই কোড ব্যবহার করে যিনি প্রথমে স্টেডিয়ামে প্রবেশ করবেন, শুধু তাঁকেই প্রবেশের অনুমতি দেওয়া হবে।
সাফের টিকিটের দাম
দর্শকদের জন্য পাঁচটি ক্যাটাগরিতে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে।
সাধারণ গ্যালারি: ১ হাজার টাকা
ক্লাব হাউস: ৪ হাজার টাকা
ভিআইপি গ্যালারি: ৭ হাজার টাকা
রেড বক্স: ৮ হাজার টাকা
করপোরেট বক্স: ১০ হাজার টাকা
সাধারণ গ্যালারির টিকিটের দাম ১ হাজার টাকা হওয়ায় অনেক দর্শকের কাছে তা কিছুটা বেশি মনে হতে পারে। এর সঙ্গে যাতায়াতের খরচও যুক্ত হবে।
টিকিটের মূল্য প্রসঙ্গে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল জানিয়েছেন, একটি টিকিট দিয়ে পুরো দিনের দুটি ম্যাচ দেখার সুযোগ থাকছে। সে হিসাবে প্রতি ম্যাচ দেখতে গড়ে ৫০০ টাকা খরচ হবে।
এদিকে, গ্রুপপর্বের টিকিটের দাম নির্ধারণ করা হলেও সেমিফাইনালের টিকিটের মূল্য এখনো চূড়ান্ত হয়নি।
























