কালীগঞ্জে ভেজাল টিএসপি সারের ৪০ বস্তা জব্দ, ধ্বংস
- আপডেট সময়ঃ ০৬:০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / ১৭ বার পড়া হয়েছে

মোঃ তরিকুল ইসলাম ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধভাবে অন্যত্র বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৪০ বস্তা টিএসপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় পিকআপ ভ্যানসহ দুজনকে আটক করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়নের মহেশ্বর চাঁদা বাজার থেকে ৪০ বস্তা টিএসপি সার উপজেলার বাইরে অন্যত্র নিয়ে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে সারগুলো জব্দ করে এবং পিকআপ ভ্যানসহ দুজনকে আটক করে।
এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা উপস্থিত থেকে প্রসিকিউশন দাখিল করেন।
পরবর্তীতে জব্দকৃত সার পরীক্ষা করে ভেজাল প্রমাণিত হওয়ায় অফিসার ইনচার্জ ও উপজেলা কৃষি কর্মকর্তার উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনায় উপজেলা প্রশাসনকে সহযোগিতা করে পুলিশের একটি দল।





















