রাজবাড়ীতে পেঁয়াজ ব্যাপারীদের সিন্ডিকেট, ধলতা না দেওয়ায় পেঁয়াজ কেনা বন্ধ, বিপাকে কৃষক
- আপডেট সময়ঃ ১০:১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ১৯ বার পড়া হয়েছে
আদম আলী রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় কৃষিপণ্যের ওজন নির্ধারণকে কেন্দ্র করে কৃষক, ব্যবসায়ী ও প্রশাসনের মধ্যে ত্রিমুখী অবস্থান দেখা দিয়েছে। ৪০ কেজিতে এক মণ নির্ধারণের সরকারি নির্দেশনার বিপরীতে বেশি ওজনের দাবিতে আড়তদার ও ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করায় পেঁয়াজ বাজারে অচলাবস্থা তৈরি হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকাল থেকে উপজেলার বহরপুর, সোনাপুর ও জঙ্গল বাজারে পেঁয়াজ ক্রয়-বিক্রয় কার্যক্রম বন্ধ রয়েছে। এতে পেঁয়াজ ও রসুন নিয়ে হাটে আসা কৃষকরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকেই পণ্য বিক্রি করতে না পেরে ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছেন, ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা।
কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আড়তদাররা ৪০ কেজির পরিবর্তে ৪২ থেকে ৪৩ কেজি ধরে মণ নির্ধারণ করে পণ্য কিনে আসছেন, যা স্থানীয়ভাবে ‘ধলতা’ নামে পরিচিত। এতে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে কৃষি বিপণন অধিদপ্তর ৪০ কেজিতে মণ নির্ধারণ করে পণ্য ক্রয়ের নির্দেশনা জারি করে এবং অতিরিক্ত ওজন নেওয়া নিষিদ্ধ ঘোষণা করে।
উপজেলা প্রশাসনও এ নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, ৪০ কেজিতে মণ ধরে পণ্য ক্রয় নিশ্চিত করতে বলা হয়েছে, অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ধর্মঘট চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি, ৪২-৪৩ কেজিতে মণ নির্ধারণ করতে হবে। এ নিয়ে প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনা চললেও এখনো কোনো সমাধান হয়নি।
বর্তমান পরিস্থিতিতে কৃষক, ব্যবসায়ী ও প্রশাসনের ত্রিমুখী অবস্থানের কারণে বালিয়াকান্দির হাট-বাজারে অস্থিরতা বিরাজ করছে। দ্রুত সমাধান না হলে সংকট আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।



















