৪ বছরের শিশুকে ধর্ষণ: মাত্র ১৩ দিনেই আদালতে চার্জশিট জমা দিচ্ছে পুলিশ
- আপডেট সময়ঃ ০৫:৫২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / ১২ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বাকলিয়ায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় দুই সপ্তাহের মাথায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। ঘটনার দুই সপ্তাহের মাথায় বৃহস্পতিবার (৪ জুন) এ অভিযোগপত্র দেয়া হল।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. হাসান ইকবাল চৌধুরী জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত মনির হোসেনকে আসামি করে অভিযোগপত্র জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। এটি এখন ডকেট শাখা থেকে ষষ্ঠ আমলি আদালতে পাঠানো হবে।
প্রসঙ্গত, গত ২১ মে বিকেলে নগরীর বাকলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে স্থানীয় ডেকোরেটের কর্মচারী মনির হোসেন ‘ধর্ষণ’ করেছেন বলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। অভিযোগ পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে।
এ সময় আটককৃত আসামিকে পুলিশ থানায় নেয়ার চেষ্টা করলে এলাকাবাসী বাধা দেন। তারা বলেন-তারাই ওই যুবকের ‘শাস্তি’ নিশ্চিত করবেন। পরে দুই ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় সন্দেহভাজনকে নিয়ে আসতে না পেরে পুলিশ সন্ধ্যায় টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় স্থানীয়রা জড়ো হয়ে পুলিশের গাড়ি ঘিরে ফেলে। দফায় দফায় সংঘর্ষে বাকলিয়া এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের একটি বড় ট্রাকে আগুন দেয়ার ঘটনাও ঘটে। এ সময় সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হন। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সেদিন রাতে বাকলিয়া থানায় মামলা করেন।
পরবর্তীতে ২২ মে বিকেলে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে হাজির করার পর ‘স্বীকারোক্তিমূলক’ জবানবন্দি দিয়েছিলেন গ্রেপ্তার মনির হোসেন। এদিকে, শিশুটিকে উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) হোসাইন মো. কবির ভূঁইয়া জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মনির হোসেন শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছে। পরে তাকে আদালতে নেয়া হলে সেখানেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে আদালতের নির্দেশে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।














