ভ্রমণে এসে মটর সাইকেল এক্সিডেন্ট খাদে পড়ে নিহত দুই
- আপডেট সময়ঃ ০৬:৫২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / ৬৬ বার পড়া হয়েছে
মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত প্রায় ১১টার দিকে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের যৌথ অভিযানে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা মো. জামির উদ্দিন (৩২) এবং ঢাকার লালবাগ এলাকার বাসিন্দা রোকাইয়া আক্তার (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) গভীর রাতে ছয়টি মোটরসাইকেলে ১০ সদস্যের একটি পর্যটক দল ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেয়। বৃহস্পতিবার দুপুরে তারা রুমার বগালেক এলাকায় পৌঁছে একটি কটেজে অবস্থান নেন। পরে বিকেলে দলটি বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যায়।
ঘোরাঘুরি ও ছবি তোলা শেষে দলের আট সদস্য ফিরে এলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার গাইডের নির্দেশনা উপেক্ষা করে মোটরসাইকেল নিয়ে নির্ধারিত সীমার বাইরে চলে যান। এরপর থেকেই তাদের সঙ্গে দলের অন্য সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সন্ধ্যা ৬টার দিকে গাইড মো. ইসমাইল বিষয়টি বগালেক আর্মি ক্যাম্পে জানালে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু হয়। কয়েক ঘণ্টার তল্লাশির পর রাত প্রায় ১১টার দিকে ভিউ পয়েন্টের পাশের একটি গভীর পাহাড়ি খাদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, উদ্ধারকৃত মরদেহ দুটি আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।









