বোনদের কাছ থেকে জমি কিনে বিপাকে ব্যবসায়ী, ভাইদের বিরুদ্ধে চাঁদা দাবি ও হামলার অভিযোগ।
- আপডেট সময়ঃ ০৭:৪৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ৮ বার পড়া হয়েছে

সরকার শাহাদত হোসেন: গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে বোনদের কাছ থেকে বৈধভাবে জমি কিনেও স্বস্তিতে নেই ব্যবসায়ী আব্দুল জলিল মিয়া। জমি কেনার পর থেকেই বিক্রেতাদের ভাইদের বিরুদ্ধে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি, জমিতে প্রবেশে বাধা ও দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন তিনি। সর্বশেষ হামলায় আহত হয়েছেন তাঁর স্ত্রী, মেয়ে ও মামাতো বোন। গুরুতর আহত স্ত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে প্রশাসনের কাছে নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি করেন ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল জলিল মিয়া।
সংবাদ সম্মেলনে তিনি জানান, দারিয়াপুর ব্রিজের উত্তর পাশে অবকাঠামোসহ ছয় শতক জমি তাঁর ছেলে হাসান মাহমুদের নামে মৃত করিম বকসের তিন মেয়ে রুবি বেগম, মোর্শেদা বেগম ও খাদিজা বেগমের কাছ থেকে ক্রয় করেন। গত ২৮ অক্টোবর সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে জমিটি কেনা হয়। তাঁর দাবি, বিক্রেতা তিন বোন তাঁদের পৈতৃক সম্পত্তির প্রাপ্য অংশ স্বেচ্ছায় বিক্রি করেছেন।
কিন্তু জমি কেনার পর থেকেই ওই তিন নারীর ভাই জাহাঙ্গীর আলম, জিয়াউর রহমান ও আশরাফুল ইসলাম তাঁর কাছে চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দিলে জমিতে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আব্দুল জলিল মিয়া আরও বলেন, তিনি কারও জমি জোরপূর্বক দখল করেননি। বৈধ দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র তাঁর কাছে রয়েছে। তারপরও তাঁকে বারবার ডেকে হুমকি দেওয়া হচ্ছে এবং ব্যবসায়িক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করা হচ্ছে। এতে তিনি আর্থিক ক্ষতির পাশাপাশি পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। এ ঘটনায় গত ৮ নভেম্বর গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
সংবাদ সম্মেলনে তাঁর অভিযোগ, গত ১১ নভেম্বর জাহাঙ্গীর আলম, জিয়াউর রহমান ও আশরাফুল ইসলাম, তাঁদের স্ত্রী এবং ভাড়াটে লোকজন মিলে হামলা চালান। এতে তাঁর স্ত্রী শিল্পী বেগম, মেয়ে মনি আক্তার ও মামাতো বোন মিথিলা আহত হন। গুরুতর আহত শিল্পী বেগমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই রাতেই সদর থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান তিনি।
জমি কেনার পর এমন হয়রানি ও পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভুক্তভোগী ব্যবসায়ী বলেন, বৈধ দলিল থাকার পরও যদি একজন ক্রেতাকে এভাবে হয়রানির শিকার হতে হয়, তাহলে সাধারণ মানুষের সম্পত্তি কেনাবেচার নিরাপত্তা কোথায়?
সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং ক্রয়কৃত জমির শান্তিপূর্ণ ভোগদখল বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।






















