কলকাতায় হোটেলে আগুন লেগে নারী ও শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু
- আপডেট সময়ঃ ১১:৩৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ১০ বার পড়া হয়েছে
ভারতের কলকাতার নিউমার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। বুধবার (১৮ আগস্ট) গভীর রাতের এই আগুনে অন্তত ৯ জন নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরও ৬ জন, তারা এসএসকেএম (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, রাত প্রায় ২টা নাগাদ হোটেলের একটি ঘরে আগুন লাগে।
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে হোটেলের একাধিক ঘরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।
শুরু হয় উদ্ধার তৎপরতা।
দমকলকর্মীরা হোটেলের ভেতর থেকে ৯ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়।
মৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন নারী এবং এক শিশু রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সংবাদ সংস্থা এএনআইর বরাতে জানিয়েছে, ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী আগুনে নিহত নয়জনই বাংলাদেশি। তারা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন।
এদিকে পুলিশের প্রাথমিক ধারণা, আগুনের পাশাপাশি ঘন ধোঁয়া প্রাণহানির অন্যতম কারণ হয়ে থাকতে পারে। গভীর রাতে হোটেলে থাকা অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকায় আগুন লাগার বিষয়টি বুঝতে অনেকেরই দেরি হয়। ফলে বের হওয়ার আগেই হোটেলের বিভিন্ন অংশ ঘন ধোঁয়ায় ভরে যায়।
মৃতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পুলিশ। আগুন লাগার সঠিক কারণও এখনো জানা যায়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে। শর্ট সার্কিটের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাস্থলে রয়েছে নিউমার্কেট থানার পুলিশ। আগুনের কারণ ও হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তারা।
উল্লেখ্য, দুদিন আগেই পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠে একটি হোটেলে ভয়াবহ আগুনে ৯ জন নিহত হয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই হোটেলে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় হোটেলগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।



















