দীর্ঘ কর্মজীবনের ইতি হাতির পিঠে চড়ে বিদায়
- আপডেট সময়ঃ ০৮:০০:১৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ৫৪ বার পড়া হয়েছে
মহসিনঃ শিবগঞ্জ ও মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার মোকামতলা উপজেলার দাড়িদহ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার রায় দীর্ঘ শিক্ষাজীবনের সফল সমাপ্তি টেনে গত ২৯ জুন ২০২৬ তারিখে সরকারি নিয়ম অনুযায়ী অবসর গ্রহণ করেন।
আজ (সোমবার) বিদ্যালয়ের উদ্যোগে তাকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তারা প্রধান শিক্ষক বিমল কুমার রায়ের দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, সততা ও শিক্ষার মানোন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠান শেষে ব্যতিক্রমী আয়োজনে প্রধান শিক্ষক বিমল কুমার রায়কে একটি সুসজ্জিত হাতির পিঠে উঠিয়ে শোভাযাত্রাসহ তাঁর নিজ বাসভবনে পৌঁছে দেওয়া হয়। এ সময় রাস্তার দুই পাশে উৎসুক জনতা এ বিরল আয়োজন উপভোগ করেন। শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের অংশগ্রহণে পুরো পরিবেশ আবেগ ও শ্রদ্ধায় মুখর হয়ে ওঠে।
বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে জানানো হয়, প্রধান শিক্ষক হিসেবে বিমল কুমার রায়ের সততা, দক্ষতা ও আন্তরিক নেতৃত্ব প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর অবদান বিদ্যালয়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।















