কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময়ঃ ০৫:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ২৫ বার পড়া হয়েছে

জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামী ১০ নভেম্বর তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দিনের সফর শেষে ১২ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বন ও পরিবেশবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ প্রতিবছর ১৫ দশমিক ২ বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়ছে। এই ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে ‘লস অ্যান্ড ড্যামেজ’ বা জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিপূরণের দাবি জানানো হবে।
প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী ড. সায়মুম পারভেজ জানান, সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতির জন্য বরাদ্দ বাড়ানোর দাবি তুলবে বাংলাদেশ। পাশাপাশি ঝুঁকিপূর্ণ দেশগুলো যাতে এই তহবিল থেকে সহায়তা পায়, সে বিষয়েও কাজ করা হবে। এ দাবিতে বিভিন্ন দেশের সঙ্গে জোটবদ্ধভাবে অবস্থান তুলে ধরবে বাংলাদেশ।
উল্লেখ্য, আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনাতোলিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করবে তুরস্ক এবং আনুষ্ঠানিক আলোচনায় নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়া।
এবারের সম্মেলনে নতুন প্রতিশ্রুতির পাশাপাশি আগের সম্মেলনগুলোতে নেওয়া সিদ্ধান্তের বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে।






















