মেলান্দহে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন
- আপডেট সময়ঃ ০৬:৫৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ৭ বার পড়া হয়েছে

জামালপুর প্রতিনিধি: “ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা”—এই ইতিবাচক স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’। তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়াপ্রতিভা খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের এ উদ্যোগ নতুন প্রজন্মের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে খুলনা জেলা স্টেডিয়াম থেকে সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি শিশু তার স্বপ্ন দেখার, প্রতিভা বিকাশের এবং নিজের যোগ্যতায় এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। যেখানে খেলাধুলা হবে সুস্থ জীবনধারা, শৃঙ্খলা, সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের অন্যতম ভিত্তি।”
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের মেধা, শ্রম, নিষ্ঠা ও দেশপ্রেমই হবে কাঙ্ক্ষিত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি। খেলাধুলাকে কেবল বিনোদন বা প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না রেখে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ, শিক্ষা ও খেলাধুলার সমন্বয়, আধুনিক ক্রীড়া অবকাঠামো এবং মানসম্মত প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর এ উদ্যোগের ধারাবাহিকতায় জামালপুরের মেলান্দহ উপজেলায়ও নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় মাঠে মেলান্দহ উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, “তৃণমূলের প্রতিটি প্রতিভাবান শিশু-কিশোরকে খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণ ও সুযোগের মাধ্যমে জাতীয় পর্যায়ের খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে নতুন কুঁড়ি স্পোর্টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
প্রধান আলোচকের বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে গ্রামপর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবে। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়ে একটি সুস্থ, মেধাবী, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
সভাপতির বক্তব্যে ইউএনও জিন্নাতুল আরা বলেন, শিশু-কিশোরদের মেধা ও প্রতিভা বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। উপজেলা প্রশাসন প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করা এবং ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরিতে আন্তরিকভাবে কাজ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মুন্জু, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব এম. রফিকুল ইসলাম রহিম, সহসভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ফজলুল কাদের হেলাল, হাজরাবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ তালাদ মাহমুদ এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন মোল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা একেএম সরাফত উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূঁইয়া, মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনু, যুগ্ম আহ্বায়ক এম এ গফুর এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মশিউর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মেলান্দহ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য, নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এ অংশগ্রহণের জন্য সারাদেশে প্রায় ১৬ লাখ ২৩ হাজার শিশু-কিশোর নিবন্ধন করেছে। ১০ থেকে ১৪ বছর বয়সী প্রতিযোগীদের নিয়ে এবার ভলিবল ও টেবিল টেনিসসহ মোট ১০টি ক্রীড়া ডিসিপ্লিনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, এ কর্মসূচির মাধ্যমে মেলান্দহসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান শিশু-কিশোররা নিজেদের দক্ষতা ও যোগ্যতা বিকাশের সুযোগ পাবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের সহযোগিতায় খেলাধুলাকে ভবিষ্যৎ জীবনের সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠার পথও আরও সুগম হবে। মেলান্দহ উপজেলার নতুন কুড়ি স্পোর্টস সিজন-২ খেলায় অংশ গ্রহণ করেন ৭নং চরবানী পাকুরিয়া ইউনিয়ন বনাম ৫নং নয়ানগর ইউনিয়ন। এতে চরবানী পাকুরিয়া ইউনিয়ন ০ ১বনাম নয়ানগর ইউনিয়ন ০২ গোল করে। বিজয়ী হন নয়ানগর ইউনিয়ন বিজয়ী



















