খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে গাইবান্ধায় বর্ণাঢ্য র্যালি, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন
- আপডেট সময়ঃ ০৬:৫৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ১৪ বার পড়া হয়েছে

সরকার শাহাদত হোসেন: ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের ক্রীড়াশক্তিকে বিকশিত করার প্রত্যয়ে গাইবান্ধায় বর্ণাঢ্য র্যালি ও নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইনডোর স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে ইনডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সারাদেশের সঙ্গে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান, পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম হেদায়েতুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার মো. দুলাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলমগীর হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার সুযোগ সৃষ্টি হবে।
উল্লেখ্য, দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং নতুন প্রজন্মের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২) আয়োজন করা হয়েছে। এর আওতায় ১০টি ইভেন্টে সারাদেশের উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা শুরু হয়েছে।



















