৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধের আদেশ স্থগিত করল আপিল বিভাগ
- আপডেট সময়ঃ ১২:০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা না নেওয়ার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
এর ফলে এইচএসসির পুনঃপরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগেই বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা থাকল না।
এর আগে গত ১৮ নভেম্বর এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।
ওই আদেশ স্থগিত চেয়ে ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করে। পরে আবেদনটি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়।
গত ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সভা করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানিয়েছিল, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু হবে। তবে ১৮ নভেম্বর এক সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে ৯ নভেম্বরের সিদ্ধান্ত বাতিল করে সংস্থাটি।






















