ককটেল বানানোর সময় বিস্ফোরণে আ. লীগ কর্মী নিহত, আহত ৩
- আপডেট সময়ঃ ০৪:১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ১৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে মোহাম্মদ টমাস (৩৫) নামে এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার বিনোদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত টমাস বিশ্বনাথপুর লাম্বার টোলা গ্রামের বাসিন্দা মর্তুজার ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের অনুসারী হিসেবেও পরিচিত ছিলেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বুধবার বিকেল পৌনে ৪টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বোমা বা ককটেল বিস্ফোরণে একজন নিহত এবং কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছেন। তিনি নিজে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে পৌঁছে বিস্তারিত জানাতে পারবেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, বিনোদপুর ইউনিয়নে ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তবে আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিস্ফোরণের কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।






















