এবার আইপিএলকে ‘না’ করে দিলেন মুস্তাফিজ
- আপডেট সময়ঃ ০৩:৫৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ১৩ বার পড়া হয়েছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে রেকর্ড দামে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে এবার ২০২৭ আসরের নিলামের জন্য নিজেই নাম নিবন্ধন করেননি বাংলাদেশের এই বাঁহাতি পেসার। একই পথে হেঁটেছেন সাকিব আল হাসানও।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে সম্প্রতি এ তথ্য জানানো হয়েছে। আগামী আসরের নিলামে অংশ নিতে ১২ জন বাংলাদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। তবে সেই তালিকায় নেই মুস্তাফিজ ও সাকিব।
নিলামের জন্য নিবন্ধন করা ১২ বাংলাদেশি ক্রিকেটার হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ। তবে ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে প্রাথমিক তালিকায় ১১ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম থাকার কথা বলা হয়েছে।
নাম নিবন্ধন করলেও আইপিএলের আগামী আসরে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। এর পেছনে রয়েছে ২০২৬ আসরের আগে কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জন্য বিসিসিআইয়ের নির্দেশ। বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে ওই নির্দেশের পর আগামী আসরে বাংলাদেশি ক্রিকেটাররা খেলার সুযোগ পাবেন কি না, সে বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে এখনো স্পষ্ট কোনো বার্তা দেওয়া হয়নি বলে জানা গেছে।
আইপিএলে এখন পর্যন্ত পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন মুস্তাফিজ। সর্বশেষ ২০২৫ আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার পর ২০২৬ আসরের জন্য তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে বিসিসিআইয়ের নির্দেশে পরে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। ২০২৭ আসরের নিলামের আগেও কলকাতার ছেড়ে দেওয়া ১২ ক্রিকেটারের তালিকায় ছিলেন এই বাঁহাতি পেসার।
অন্যদিকে, আইপিএলে দুটি ফ্র্যাঞ্চাইজির হয়ে মোট নয়টি মৌসুম খেলেছেন সাকিব আল হাসান। ২০২১ সালে সর্বশেষ এই টুর্নামেন্টে দেখা গিয়েছিল বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে।
এবারের নিলামের প্রাথমিক তালিকায় রয়েছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার। আগামী ১ ডিসেম্বর ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের পছন্দের খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা জমা দেবে। পাশাপাশি নতুন করে বিবেচনার জন্য অতিরিক্ত খেলোয়াড়দের নামও প্রস্তাব করতে পারবে তারা। এরপর নিলামের প্রায় এক সপ্তাহ আগে চূড়ান্ত তালিকা ও খেলোয়াড়দের ক্যাটাগরি প্রকাশ করবে আইপিএল কর্তৃপক্ষ।
নিবন্ধন করা ১ হাজার ২২০ ক্রিকেটারের মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য মোট ৬৬টি জায়গা খালি রয়েছে। এর মধ্যে বিদেশি ক্রিকেটারদের জন্য বরাদ্দ ২৫টি। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় আইপিএল ২০২৭-এর নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


















