দীর্ঘ বিরতির পর খুলল সেন্টমার্টিন, পর্যটক শূন্য দ্বীপে জাহাজও ছাড়েনি
- আপডেট সময়ঃ ০৫:৫০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ২৭৫ বার পড়া হয়েছে
নয় মাস পর অবশেষে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন। তবে দ্বীপ খুলে দিলেও প্রথম দিন সেখানে যাননি কোনো পর্যটক। ফলে কক্সবাজার থেকে ছাড়েনি পর্যটকবাহী কোনো জাহাজও।
পর্যটকরা বলছেন, কক্সবাজার শহর থেকে সেন্টমার্টিনে যেতে সময় লাগে ৮ থেকে ৯ ঘণ্টা। এমন দীর্ঘ যাত্রা শেষে দিনেই ফিরে আসা সম্ভব নয়। রাত্রিযাপনের সুযোগ না থাকায় অনেকেই সফর স্থগিত রেখেছেন।
জাহাজ মালিক সমিতির সদস্যরা জানান, সরকারি নিয়ম অনুযায়ী নভেম্বরে সেন্টমার্টিনে রাত্রিযাপন করা যাবে না, পর্যটকদের একই দিনে ফিরে আসতে হবে। এ কারণে আগ্রহ কমে গেছে ভ্রমণপিপাসুদের মধ্যে। তবে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে রাত্রিযাপনের অনুমতি থাকায় তখন পর্যটক বাড়বে বলে আশা করছেন তারা।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি থেকে দ্বীপে পর্যটক প্রবেশ বন্ধ ছিল। পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় সরকার গত বছর থেকে সীমিত পর্যটন কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয়। চলতি বছর ১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে সেন্টমার্টিন।



















