কেউ ইসলাম অবমাননা করলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে: ধর্ম উপদেষ্টা
- আপডেট সময়ঃ ০৪:৫৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ১৫৫ বার পড়া হয়েছে
ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম খালেদ হোসাইন বলেছেন, বাংলাদেশে কেউ ইসলাম অবমাননা করলে তাদেরকে দ্রুততার সাথে আইনের আওতায় নেওয়া হবে। আপনারা কেউ দয়া করে আইন হাতে নিবেন না। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বরিশাল সদর উপজেলার চরমোনাই মাঠে তিন দিনব্যাপী মাহফিলের দ্বিতীয় দিন ওলামায়ে কিরামদের নিয়ে ওলামা সম্মেলনে তিনি এসব কথা বলেছেন।
ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম খালেদ আরও বলেছেন, আমি আশ্বস্ত করতে পারি, বাংলাদেশে কেউ কোনভাবেই ধর্মের অবমাননা করতে পারবে না। আমার বিষয়ে আপনাদের প্রত্যাশা অনেক বেশি কিন্তু আমার সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা মেনেই আমার কাজ করতে হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ। সম্মেলনে জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের নতুন সভাপতি হিসাবে দেশের শীর্ষ আলেম মুফতি মিজানুর রহমান সাঈদের নাম ঘোষণা করা হয়েছে।




















