নারী ফুটবল তারকা ঋতুপর্ণা চাকমাকে বাড়ি নির্মাণের জন্য অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময়ঃ ০৫:০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ২২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণের জন্য আর্থিক অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (০৯ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের বিরতিতে নিজ কার্যালয়ে ঋতুপর্ণা চাকমার হাতে এই অনুদানের চেক তুলে দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল।
এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঋতুপর্ণা চাকমা ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছিল। ২০২৫ সালে তার ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য সহায়তার প্রয়োজন হলে তৎকালীন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন রাঙামাটির দুর্গম এলাকায় তার বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
বাংলাদেশ ফুটবলের উজ্জ্বল নক্ষত্র ঋতুপর্ণা চাকমা দেশের নারী ফুটবলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ২০২২ ও ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ে তিনি ছিলেন দলের অন্যতম ভরসা। এছাড়া ২০২৫ সালে প্রথমবারের মতো এশিয়ার শীর্ষ আসরের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার পথেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
পাহাড়ি এলাকার সাধারণ পরিবার থেকে উঠে এসে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রেখে ঋতুপর্ণা চাকমা এখন দেশের নারী ফুটবলারদের জন্য এক অনুপ্রেরণার নাম।




















