জাতীয় হৃদরোগ হাসপাতালে আনসার সদস্যদের তৎপরতায় মোবাইল চোর আটক: পুলিশে সোপর্দ
- আপডেট সময়ঃ ০২:১৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ১৪ বার পড়া হয়েছে
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এক চিকিৎসাধীন রোগীর মোবাইল চুরি করে পালানোর সময় হাতেনাতে এক চোরকে আটক করেছে সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা। শুক্রবার (১৯ জুন) বিকেলে রাজধানীর শেরে বাংলানগর থানা এলাকার এই হাসপাতালে ঘটনাটি ঘটে। আটককৃত যুবকের নাম জুবায়ের আহমেদ (২৫)। পরে উদ্ধার হওয়া মোবাইলটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং অভিযুক্তকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
ভুক্তভোগী মোঃ হারুন অর রশিদ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মচারী। তিনি বর্তমানে হৃদরোগ হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন। ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে তিনি যখন ঘুমিয়েছিলেন, তখন জুবায়ের নামের ঐ যুবক তার বেড থেকে মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মোবাইল টান দেয়ায় ঘুমের ঘোরে জেগেই বিষয়টি টের পেয়ে যান হারুন অর রশিদ এবং সাথে সাথে হাসপাতালে দায়িত্বরত আনসারদের ইনচার্জ পিসিকে ফোন করে বিষয়টি জানান।
খবর পেয়ে মুহূর্তের মধ্যেই তৎপর হয়ে ওঠেন আনসার সদস্যরা। হাসপাতালের দায়িত্বরত পিসি মোঃ আমিনুল হক তার টহল দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছোটেন এবং হাসপাতালের প্রতিটি প্রবেশদ্বারে নিয়োজিত ডিউটি কর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। পুরো হাসপাতাল চত্বরে ঝটিকা অভিযান চালিয়ে অবশেষে পালানোর প্রাক্কালে জুবায়েরকে আটক করতে সক্ষম হয় আনসার টহল দল। পরে তার দেহ তল্লাশি করে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। এই সফল অভিযানে আমিনুল হকের সাথে ছিলেন এপিসি জহিরুল ইসলাম, আনসার সদস্য মোঃ হাবিবুর রহমান এবং শ্রী পবিত্র চন্দ্র।
এই ঘটনার পর ভুক্তভোগী রোগী এবং হাসপাতাল কর্তৃপক্ষ আনসার সদস্যদের সাহসিকতা ও তাৎক্ষণিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনায় আটক চোরকে স্থানীয় শেরে বাংলানগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
দেশের গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা এবং হাসপাতালগুলোতে নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে তৎপর রয়েছে।



















