সুইজারল্যান্ডকে ‘সহজ প্রতিপক্ষ’ ভাবছেন না স্কালোনি
- আপডেট সময়ঃ ১১:৪০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ১৩ বার পড়া হয়েছে
শক্তিতে এগিয়ে থাকা দলের বিপক্ষে অঘটনের নজির এবারের বিশ্বকাপে কম নয়। নকআউট পর্বে কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়ায় সুইজারল্যান্ডকেও সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছেন না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। শারীরিকভাবে শক্তিশালী ও লড়াকু সুইসদের নিয়ে সতর্ক তিনি।
রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার পথে আর মাত্র দুই ধাপ দূরে থাকা আর্জেন্টিনার সামনে এবার বড় চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছে মুরাত ইয়াকিনের দল।
আর্জেন্টিনা যেখানে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন, সেখানে সুইজারল্যান্ড ১৯৫৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে। বিশ্বকাপের শিরোপা তো দূরের কথা, এর আগে কখনো সেমি-ফাইনালেও খেলতে পারেনি দলটি। তবে এবারের আসরে তাদের চোখ এখন আরও বড় সাফল্যের দিকে।
দুই দলের সর্বশেষ বিশ্বকাপ লড়াইয়ের স্মৃতিও অবশ্য আর্জেন্টিনার পক্ষে। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের শেষ ষোলোয় মেসিদের বিপক্ষে দারুণ প্রতিরোধ গড়েছিল সুইজারল্যান্ড। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে আনহেল দি মারিয়ার গোলে জয় পায় আর্জেন্টিনা।
উত্তর আমেরিকা বিশ্বকাপের গ্রুপ পর্বে দাপট দেখিয়েছিল আর্জেন্টিনা। তিন ম্যাচেই জয় নিয়ে নকআউট নিশ্চিত করেছিল তারা। তবে পরের ধাপ থেকেই কঠিন লড়াইয়ের মুখোমুখি হয় দলটি। শেষ বত্রিশে কেইপ ভার্ডের বিপক্ষে ৩-২ গোলে কষ্টার্জিত জয় পায় তারা।
এরপর শেষ ষোলোয় মিশরের বিপক্ষেও হারের শঙ্কায় পড়েছিল আর্জেন্টিনা। দুই গোলে পিছিয়ে যাওয়ার পর শেষ দিকে দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা। এসব অভিজ্ঞতার কারণেই সুইজারল্যান্ড ম্যাচ নিয়ে বাড়তি সতর্ক স্কালোনি।
তিনি বলেন, “কেউই সহজ প্রতিপক্ষ নয়। আমরা সবাই সেটা জানি। সুইজারল্যান্ড খুব ভালো একটি দল। তারা সবসময় প্রতিদ্বন্দ্বিতা করে এবং জয় পাওয়ার চেষ্টা করে। তাদের শক্তিশালী ঐতিহ্য ও অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে।”
স্কালোনি আরও বলেন, “তারা আমাদের জন্য কঠিন প্রতিপক্ষ হবে এবং তারা এখানে একটি লক্ষ্য নিয়েই এসেছে। তাদের কিছু আকর্ষণীয় খেলোয়াড় আছে, বিশেষ করে শারীরিক সক্ষমতার দিক থেকে।”
সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও আর্জেন্টিনার আক্রমণের মূল ভরসা থাকবেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সী এই তারকা এরই মধ্যে এবারের বিশ্বকাপে ৮ গোল করে প্রতিটি ম্যাচেই দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
আক্রমণভাগে মেসির সঙ্গে রয়েছেন লাউতারো মার্তিনেস ও হুলিয়ান আলভারেস। সাধারণত তাদের একজনকে মূল একাদশে রাখেন স্কালোনি। তবে মিশরের বিপক্ষে ম্যাচে মার্তিনেস বদলি হিসেবে নামার পর তিনজনই একসঙ্গে খেলেছিলেন।
মার্তিনেস এখন পর্যন্ত একটি গোল করেছেন, সেটিও গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে। অন্যদিকে এখনও গোলের খাতা খুলতে পারেননি আলভারেস।
সুইজারল্যান্ডের বিপক্ষে এই দুই ফরোয়ার্ডকে একসঙ্গে খেলানো হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি স্কালোনি। তবে মিশর ম্যাচে তাদের জুটির ইতিবাচক প্রভাব বিবেচনায় রাখছেন তিনি।
স্কালোনি বলেন, “তাদের দুজনের বিষয়েই আমাদের মূল্যায়ন ইতিবাচক। তারা প্রত্যাশার চেয়েও বেশি কিছু করছে। সাধারণত একজন খেলে, কিন্তু সেদিন তারা একসঙ্গে খেলেছে এবং আমাদের অনেক কিছু দিয়েছে। এটা আমাদের জন্য শক্তির জায়গা। তারা শুরু থেকে খেলবে কি না জানি না, তবে বিষয়টি আমার মাথায় আছে।”


























