রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময়ঃ ০৪:১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ৩৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের শিগগিরই পদত্যাগ করার জোরালো সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবারই পদত্যাগ করতে পারেন। নতুন রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে সরকার ও সরকারি দল বিএনপির উচ্চ পর্যায়ে আলোচনা চলছে।
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে সরকারের পক্ষ থেকে পদত্যাগের কথা জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত তার পদত্যাগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দাবি, ‘এটি গুঞ্জন।’ রাষ্ট্রপতির পদত্যাগে ‘সরকারের কোনো পদক্ষেপ নেই’ বলেও উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার (২৩ জুলাই) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, ‘গুঞ্জন তো গুঞ্জনই। সেটি যদি ঘটনা হয়, সেটা আমরাও দেখব।’
সাংবাদিকরা পাল্টা প্রশ্ন করেন এটা তো গুঞ্জন নয় গণমাধ্যমে এসেছে? এর জবাবে মন্ত্রী বলেন, ‘গণমাধ্যমে আসছে? তাহলে রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করে দেখতে পারেন।’
রাষ্ট্রপতির পদত্যাগের প্রক্রিয়ার প্রশ্নে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে তিনি পদত্যাগ করতে চাইলেই অথবা স্বাস্থ্যগত কারণে তার সেটা অপশন আছে। কিন্তু আমরা তো জানিনা। সরকারের এখানে কোনো পদক্ষেপ নেই। সরকারের পক্ষ থেকে তো কিছু বলা হচ্ছে না।’
‘আবার আপনারা পত্রিকায় দেখেছেন, গুঞ্জন শুনেছেন। আমিও দেখেছি’ যোগ করেন সালাহউদ্দিন আহমদ। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করছেন কিনা—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটা উনাকে জিজ্ঞেস করতে হবে।’
বিদেশে চিকিৎসা নেওয়ার সময় শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির কোনো ফোনালাপ হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’
রাষ্ট্রপতির পদত্যাগের সাংবিধানিক প্রক্রিয়া নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘এটা সরকারকে জানানোর কথা না। যদি মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক বা অন্য কোনো কারণে হোক পদত্যাগ করতে চানা তার সে অপশন আছে। এখানে সরকারের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি।’
মন্ত্রী আরও বলেন, ‘তিনি যদি পদত্যাগ করতে চান সাংবিধানিকভাবে স্পিকারের কাছে পদত্যাগপত্র দিতে হয়। এর বেশি কিছু জানিনা।’
এদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন কক্সবাজারকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকার একটি মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে। যার মাধ্যমে বাংলাদেশের কক্সবাজারকে একটি পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া গভীর সমুদ্রকে কাজে লাগিয়ে বাংলাদেশ আরও কীভাবে লাভবান হতে পারে সে ব্যাপারে আরো বড় প্রকল্প হাতে নিচ্ছে সরকার।



















