দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীদের অবদান রাখতে হবে: পরিবেশমন্ত্রী
- আপডেট সময়ঃ ০৩:১৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ১০ বার পড়া হয়েছে
ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, এমপি।
শনিবার (২৫ জুলাই) ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিষদ ২০২৬–২৮ মেয়াদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মন্ত্রী এ আহবান জানান।
তিনি বলেন, দেশের সম্পদ বৃদ্ধি করা দেশের ব্যবসায়ী সমাজের দায়িত্ব। নতুন কর্মসংস্থান সৃষ্টিসহ দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে ব্যবসায়ীদের অবদান অনস্বীকার্য।
ব্যবসায়ীদের প্রশংসা করে মন্ত্রী বলেন, অনেকে ঢালাওভাবে সব ব্যবসায়ীদের সমালোচনা করেন। কিন্তু এটা মোটেও গ্রহণযোগ্য নয়। অনেক ব্যবসায়ীই নিয়ম কানুন মেনে ব্যবসা করেন। দেশের অগ্রগতিতে তিনি তাদের অবদানের প্রশংসা করেন।
আরও পড়ুন<<>>পরবর্তী রাষ্ট্রপতি বিষয়ে এখনই মন্তব্যের সুযোগ নেই: রিজভী
তিনি বলেন, একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি হয় একমাত্র ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে হয়। সম্পদের ভাগ-বাটোয়ারা বা বিলি বণ্টন করা যায়, কিন্তু দারিদ্র্যের এমন বণ্টন করা সম্ভব নয়।
অনুষ্ঠানে তিনি পরিবেশবান্ধব টেকসই উন্নয়ন, আঞ্চলিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন, সংরক্ষিত নারী আসনের এমপি রেহানা আক্তার।
এছাড়াও অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।




















