নেইমারের নতুন বিতর্ক: দুই সতীর্থকে অপমান, অনুশীলনও করলেন না
- আপডেট সময়ঃ ১০:৫২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / ১০ বার পড়া হয়েছে
ব্রাজিলের শীর্ষ লিগে শাপকোয়েন্সের বিপক্ষে নাটকীয়ভাবে ২-২ গোলে সমতায় শেষ হওয়া ম্যাচে দুটি গোল করে সান্তোসকে হার এড়াতে সাহায্য করেন তারকা ফুটবলার নেইমার। তবে মাঠের পারফরম্যান্সের চেয়ে বিরতির সময় ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে তার তীব্র বাগবিতণ্ডাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তবে মূল দলের অনুশীলন শুরুর আগেই বেরিয়ে যান। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম বলছে, কোচিং স্টাফের অনুমতি ছাড়াই নেইমার অনুশীলন মাঠ ছেড়েছেন।
ব্রাজিলের একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিরতির সময় কয়েকজন তরুণ সতীর্থের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন নেইমার। তাদের মধ্যে গ্যাব্রিয়েল বনতেম্পো ও জোয়াও আনানিয়াস ছিলেন। ক্লাবের ধারণা, এই ঘটনার প্রভাব দ্বিতীয়ার্ধে দলের খেলায়ও পড়েছে।
বিশ্বকাপ শেষে এটাই ছিল নেইমারের প্রথম ম্যাচ। ৩৪ বছর বয়সী এই তারকা দুটি গোল করে দলের হয়ে সমতা ফেরান। তবে ম্যাচে হলুদ কার্ড দেখায় পরবর্তী এক ম্যাচে খেলতে পারবেন না তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়, বনতেম্পোকে লক্ষ্য করে কঠোর ভাষায় কথা বলেন নেইমার। এমনকি আগামী মৌসুমে তাকে দ্বিতীয় বিভাগে খেলতে হবে বলেও মন্তব্য করেন তিনি। যদিও ওই দুই ফুটবলার প্রকাশ্যে তর্কের বিষয়টি স্বীকার করলেও সংবাদমাধ্যমে প্রকাশিত কটূক্তির অভিযোগ অস্বীকার করেছেন।
ঘটনার পর বিষয়টিকে গুরুত্ব দিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে সান্তোস। ক্লাব কর্তৃপক্ষ পুরো ঘটনার সত্যতা যাচাই করে দলের ভেতরের পরিবেশ স্বাভাবিক করতে চায়।
























