বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করতে পারছেন: তথ্যমন্ত্রী
- আপডেট সময়ঃ ০৪:১০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / ৮ বার পড়া হয়েছে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা পেশাকে পৃষ্ঠপোষকতা দেওয়ার মতো কোনো কাঠামো এখন পর্যন্ত তৈরি হয়নি। আর সে কারণেই সাংবাদিকতা পেশা বর্তমানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি।
সোমবার (২৭ জুলাই) বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বরিশাল বিভাগের সাংবাদিকদের পেশাগত কল্যাণ, নিরাপত্তা এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাষ্ট্র ও সমাজকে প্রতিনিয়ত আয়নার সামনে দাঁড় করায় গণমাধ্যম। তাই দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব।
তথ্যমন্ত্রী বলেন, এই পেশার অস্তিত্ব ছাড়া একটি সভ্য সমাজ কল্পনা করা যায় না। বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা অনেক বেশি চাপমুক্ত পরিবেশে কাজ করতে পারছেন। এ জন্য সাংবাদিক নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি আরও বলেন, সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। গণমাধ্যমের কল্যাণ মানেই দেশের কল্যাণ। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খোন্দকার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির, ট্রাস্টি বোর্ডের সদস্য কাওছার হোসেন খোন্দকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন। সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।
মতবিনিময় সভায় বরিশাল বিভাগের সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা সম্প্রসারণ, চিকিৎসা সহায়তা, আর্থিক অনুদান, দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন। এসব পরামর্শ বাস্তবায়নযোগ্য উল্লেখ করে পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
পরে বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালী জেলার ৪৯ জন সাংবাদিকের মধ্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করা হয়।




















