বিহারে মন্দিরে বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় আতঙ্ক, পদদলিত হয়ে নিহত ৭
- আপডেট সময়ঃ ১২:৪০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ১০ বার পড়া হয়েছে
ভারতের বিহারের লাখিসারাইয়ে অশোক ধাম মন্দিরে বিদ্যুতের খুঁটি পড়ে ‘পদদলিতের মতো’ পরিস্থিতি তৈরি হয়েছে। এতে অন্তত সাতজন নিহত এবং আরও এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) দেশটির সংবাদ সংস্থা এএনআই পুলিশের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা শিবম কুমার বলেন, মন্দিরে একটি বিদ্যুতের খুঁটি পড়ে যায়। এতে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হলে সেখানে হুড়োহুড়ি ও পদদলিতের মতো পরিস্থিতি তৈরি হয়। তবে ঘটনার সঠিক কারণ সবকিছু যাচাই করার পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
হিন্দুদের পবিত্র শ্রাবণ মাস উপলক্ষে শিবের মাথায় পানি ঢালতে মন্দিরে বিপুলসংখ্যক ভক্তের ভিড়ের মধ্যেই এ ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।
কর্মকর্তা শৈলেন্দ্র কুমার জানান, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এএনআইয়ের প্রকাশিত ভিডিওতে হাসপাতালে আহতদের স্বজনদের ভিড় এবং উদ্ধারকারীদের আহতদের নিয়ে আসতে দেখা গেছে।
বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন।
ভারতে বড় জনসমাগমে দুর্ঘটনার নজির রয়েছে। গত বছর দেশটির বিশাল মহাকুম্ভ মেলায় পবিত্র পানিতে গোসলের জন্য কোটি কোটি মানুষ জড়ো হলে পদদলিত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছিল।
তথ্যসূত্র: আল জাজিরা






















