স্ত্রীকে গুলির পর বাবা অস্ত্র লুকানোর দায়িত্ব দেয় ছেলেকে
- আপডেট সময়ঃ ০৫:২৬:১১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৯ বার পড়া হয়েছে
রাজধানীর দারুস সালাম থানার মসজিদ গলি এলাকায় স্ত্রীকে গুলি করার অভিযোগে আব্দুল মান্নান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। এ ঘটনায় তার ছেলে রাকিব ও ছেলের বন্ধু হাতেমকেও গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার তিনজনের কাছ থেকে গুলি চালানোর কাজে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় আব্দুল মান্নানের কাছ থেকে ২১৫ পিস ইয়াবাও উদ্ধার করা হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
র্যাব জানায়, শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে দারুস সালাম থানাধীন মসজিদ গলি এলাকার একটি বাসায় এক গৃহবধূ গুলিবিদ্ধ হন। গোয়েন্দা তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ঘটনাটি জানতে পেরে র্যাব তাৎক্ষণিক ছায়া তদন্ত শুরু করে। তদন্তে গৃহবধূকে তার স্বামী আব্দুল মান্নান গুলি করেছেন বলে তথ্য পাওয়া যায়।
এরপর র্যাব-৪-এর একটি অভিযানিক দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে। র্যাবের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর মান্নান জানান, স্ত্রীকে গুলি করার পর অস্ত্রটি তার ছেলে রাকিবের কাছে দিয়ে অন্যত্র লুকিয়ে রাখতে বলেন।
পরে র্যাব-৪ ও দারুস সালাম থানা পুলিশের দুটি দল যৌথ অভিযান চালিয়ে রাকিবকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে রাকিব জানায়, সে অস্ত্রটি তার বন্ধু হাতেমের বাসায় লুকিয়ে রেখেছে। পরে হাতেমের বাসায় অভিযান চালিয়ে একটি কক্ষের ওয়ার্ডরোবের ড্রয়ার থেকে পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, উদ্ধার করা অস্ত্রটিই গৃহবধূকে গুলি করার ঘটনায় ব্যবহৃত হয়েছিল। সংবাদ সম্মেলনে জানানো হয়, অস্ত্রটি অবৈধ এবং ভারতীয় ‘ফাইভ স্টার’ পিস্তল।
র্যাব-৪-এর অধিনায়ক বলেন, আব্দুল মান্নান অধিকাংশ সময় মাদকাসক্ত থাকতেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। ঘটনার দিনও তিনি মাদকাসক্ত অবস্থায় বাসায় ফেরেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া-বিবাদ শুরু হলে একপর্যায়ে উত্তেজিত হয়ে স্ত্রীকে গুলি করেন। গুলি তার স্ত্রীর ডান হাতের বাহুতে লাগে।
তিনি জানান, গুলিবিদ্ধ গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত ও চিকিৎসাধীন রয়েছেন।
র্যাবের ভাষ্য অনুযায়ী, ওই নারী মাদকের সঙ্গে জড়িত নন। স্বামীর মাদক গ্রহণ ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে তাদের সংসারে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো বলে আশপাশের লোকজনের কাছ থেকে তথ্য পাওয়া গেছে।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ঘটনার পর আব্দুল মান্নানের ছেলে রাকিব জানালা দিয়ে বাইরে থেকে দুর্বৃত্তরা গুলি করেছে, এমন একটি বক্তব্য দেওয়ার চেষ্টা করেছিল। তবে র্যাবের তদন্তে ঘটনাটি ঘরের ভেতরেই ঘটেছে বলে তথ্য পাওয়া যায়।
র্যাবের দাবি, অস্ত্রটি আব্দুল মান্নানের নিজের ছিল। স্ত্রীকে গুলি করার পর গ্রেপ্তার এড়াতে তিনি অস্ত্রটি ছেলেকে লুকিয়ে রাখতে দেন। পরে রাকিব সেটি তার বন্ধু হাতেমের বাসায় রেখে আসে।
র্যাব জানায়, আব্দুল মান্নানের বিরুদ্ধে এর আগে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে। তাকে এলাকার একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে র্যাব বলেছে, অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্যও তাদের কাছে রয়েছে। তবে আগের মামলাগুলোতে তিনি জামিনে ছিলেন কি না, সে বিষয়ে সংবাদ সম্মেলনে নিশ্চিতভাবে কিছু বলা হয়নি।
গ্রেপ্তার তিন আসামি এবং উদ্ধার করা অস্ত্র, গুলি ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।























