যাত্রাবাড়ীতে অটোরিকশা গ্যারেজে হত্যা: গ্রেপ্তার তিন আসামি রিমান্ডে
- আপডেট সময়ঃ ০৫:০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৩৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকার যাত্রাবাড়ী থানাধীন এলাকায় একটি অটোরিকশা গ্যারেজে সাগর খান ওরফে ইমরানকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিন আসামির তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
পুলিশের আবেদনের প্রেক্ষিতে বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালত এই আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- রিয়াজুল ইসলাম রিয়াজ ওরফে কালিয়া রিয়াজ (৩১), কামরুল হাসান (২৫) ও সাইফুল হোসেন (২০)।
এর আগে, আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক খন্দকার সালেহ আবু নাঈম।
আবেদনের প্রেক্ষিতে বিচারক প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিকালে আসামি পক্ষের কোন আইনজীবী ছিল না।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, অটোরিকশা ব্যবসায়ী সাগর খান ওরফে ইমরানের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি নিয়ে রিয়াজুল ইসলাম রিয়াজ ও কামরুল হাসানের বিরোধ চলছিল। গত ৬ সেপ্টেম্বর আসামিরা ইমরানের গ্যারেজে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় বলে অভিযোগ করা হয়েছে। এতে ইমরানের মাথায় গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। এ সময় ইমরানের বন্ধু সাদ্দামকেও হামলাকারীরা মারধর করে। তিনি পালানোর চেষ্টা করলে তার পায়ে গুলি করা হয় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
আরও বলা হয়, পরে স্থানীয়রা ইমরান ও সাদ্দামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন। সাদ্দামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হামলাকারীরা ইমরানের কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল এবং সাদ্দামের কাছ থেকে ৬৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। এই ঘটনায় গত ৭ সেপ্টেম্বর ইমরানের স্ত্রী যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন।
























