স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
- আপডেট সময়ঃ ০৪:১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ৪২ বার পড়া হয়েছে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মীর শাহে আলম বলেন, যে দলের কার্যক্রম নিষিদ্ধ, সেই দলের দলীয়ভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নই আসে না। আওয়ামী লীগের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা দলীয়ভাবে কোনো নির্বাচনেই অংশ নিতে পারবে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগকে নিয়ে প্রশ্ন করলে তিনি বিব্রতবোধ করেন।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের নির্বাচনে কোনো দল থেকে সরাসরি মনোনয়ন দেওয়ার সুযোগ নেই। নির্বাচন নিরপেক্ষভাবেই অনুষ্ঠিত হবে। তবে বিএনপি প্রতিটি নির্বাচনে একজন করে প্রার্থীকে সমর্থন দেবে।
তিনি বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। কোনো দল বা গোষ্ঠীর ইচ্ছায় নয়, জনগণের রায়েই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন।
এ সময় শিবগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















