সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী
- আপডেট সময়ঃ ১২:২১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ১২ বার পড়া হয়েছে

হুতিদের হামলার পর সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ঢাকা থেকে সৌদিগামী এখন পর্যন্ত ৮৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট ৩৬টি এবং ট্রানজিট ফ্লাইট ৫০টি। এসব ফ্লাইট বাতিল হওয়ায় মোট ১৩ হাজার ৪৯০ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
আজ বুধবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বেবিচকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের পাঁচটি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইনসের ২২টি, সালামএয়ারের চারটি, ইজিপ্টএয়ারের একটি, এমিরেটস এয়ারলাইনসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি এবং ফ্লাইদুবাইয়ের ছয়টি ফ্লাইট রয়েছে।
প্রাপ্ত হিসাব অনুযায়ী, সরাসরি ও ট্রানজিট মিলিয়ে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬টি। এসব ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের ভ্রমণসূচিতে বিঘ্ন ঘটেছে এবং তাঁদের ভোগান্তিতে পড়তে হয়েছে।
এদিকে, সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।




















