বাংলা কিউআরে লেনদেন বাড়াতে নতুন উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
- আপডেট সময়ঃ ০৩:৪৫:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / ১০ বার পড়া হয়েছে

চলতি বছরের জুন মাসের তুলনায় বর্তমানে বাংলা কিউআর কোডে লেনদেন চার গুণ বেড়েছে। সেবার মান উন্নত করতে গত ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেন সুবিধাও চালু করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোহাম্মদ হাবিবুর রহমান।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর বনানী ও গুলশানে রবি আজিয়াটা পিএলসি এবং অন্যান্য খুচরা বিক্রয় নেটওয়ার্কে বাংলা কিউআর সেবার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডেপুটি গভর্নর বলেন, চলতি বছরের জুনে বাংলা কিউআর কোডের মাধ্যমে দৈনিক গড়ে ৪০ কোটি টাকা লেনদেন হতো। বর্তমানে তা বেড়ে চার গুণ হয়েছে।
তিনি জানান, নগদবিহীন লেনদেন জনপ্রিয় করতে দেশজুড়ে বিভিন্ন খুচরা বিক্রয় নেটওয়ার্কেও বাংলা কিউআর সেবা চালু করা হচ্ছে। তবে প্রান্তিক পর্যায়ে এ সেবা পৌঁছে দিতে কিছু সীমাবদ্ধতা রয়েছে। এসব সমস্যা কাটিয়ে উঠতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে।
এ উদ্যোগ সফল করতে ব্যাংক, খুচরা বিক্রয় নেটওয়ার্ক এবং বিভিন্ন মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
ড. মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং নগদবিহীন অর্থনীতি গড়ে তুলতে বাংলা কিউআরের মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





















