দেশ কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি
- আপডেট সময়ঃ ০৫:৩৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ৩৪ বার পড়া হয়েছে

কৃষিক্ষেত্রে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, একসময় খাদ্যঘাটতির দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ এখন কৃষিপণ্যের উৎপাদন বহুগুণ বাড়াতে সক্ষম হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বঙ্গভবনে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার পরপর বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় সাড়ে ৭ কোটি। সে সময় দেশে খাদ্যশস্যের বড় ধরনের ঘাটতি ছিল। কিন্তু বর্তমানে সামগ্রিকভাবে দেশে খাদ্যশস্যের ঘাটতি নেই। এ অর্জনের পেছনে দেশের কৃষক, কৃষিবিজ্ঞানী ও গবেষকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রপতিকে জানান, দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তন, লবণাক্ততাসহ নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও পরিবেশসহনশীল বিভিন্ন খাদ্যশস্য উৎপাদনে সক্ষমতা অর্জন করেছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়।
এ সময় টেকসই কৃষিব্যবস্থা গড়ে তুলতে গবেষণালব্ধ প্রযুক্তির মাঠপর্যায়ে কার্যকর প্রয়োগ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব কৃষিচর্চার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। পাশাপাশি কৃষিশিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের মধ্যে আরও নিবিড় সমন্বয় প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সার্বিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তাঁকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।



















