র্যাবকে রাজনৈতিকভাবে এক ঘণ্টার জন্যও ব্যবহার করিনি: বাবর
- আপডেট সময়ঃ ০২:২২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / ৪৭৭ বার পড়া হয়েছে
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, বিএনপি কখনোই র্যাবকে দলীয় স্বার্থে ব্যবহার করেনি। তার দাবি, এক ঘণ্টা বা একদিনের জন্যও র্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগানো হয়নি।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাবর।
তিনি বলেন, জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই বেগম খালেদা জিয়ার নির্দেশনায় র্যাব গঠন করা হয়েছিল। র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে—এমন অভিযোগের পক্ষে কেউ প্রমাণ দেখাতে পারবে না। অন্যায় করলে বিএনপির নেতাকর্মীরাও ছাড় পেতেন না।
লুৎফুজ্জামান বাবর আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন। তাঁর দেশপ্রেম ও নেতৃত্বগুণ তিনি ঘনিষ্ঠভাবে কাজ করার সময় দেখেছেন। অনেক পরে এসে একই ধরনের গুণাবলী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যেও তিনি দেখতে পেয়েছেন বলে মন্তব্য করেন।
তিনি জানান, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং ব্যক্তিগত আবেগ থেকে কবর জিয়ারতে এসেছেন। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতিও নেওয়া হয়েছে।
শেষে তিনি দলের নেতাকর্মী ও সমর্থকদের কাছে দোয়া চেয়ে বলেন, ভবিষ্যতে যেন তারেক রহমানের নেতৃত্বে একটি ‘জনগণের রাষ্ট্র’ গঠন করা সম্ভব হয়।






















