বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন
- আপডেট সময়ঃ ১২:২৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১২ বার পড়া হয়েছে
দীর্ঘ রাজনৈতিক পটপরিবর্তন আর চড়াই-উতরাই পেরিয়ে আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সারা দেশের মানুষের চোখ এখন ব্যালট পেপারের দিকে। সাধারণ ভোটারদের পাশাপাশি সবার কৌতূহল—দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিশেষ করে দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভোটদান নিয়ে নেতাকর্মীদের মাঝে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, দলের চেয়ারম্যানসহ স্থায়ী কমিটির সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকায় ভোট দেবেন। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তারেক রহমান এবার ঢাকার গুলশানে ভোট দেবেন। তিনি গুলশান-২ এলাকার ১/ডি, ৮৬ নম্বর সড়কে অবস্থিত ‘গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ’ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এটি তার রাজনৈতিক ক্যারিয়ারে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।অন্যদিকে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেবেন তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে। তিনি ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন। এছাড়া স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দির গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং মির্জা আব্বাস ঢাকার শাহজাহানপুরের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে ভোট দেবেন। কেরানীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
নরসিংদীর পলাশে চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ড. আব্দুল মঈন খান এবং চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউটে সালাহউদ্দিন আহমদ, সিরাজগঞ্জের সালেহা ইশহাক সরকারি গার্লস স্কুলে ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ভোলার লালমোহনে আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দেবেন হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। দিনাজপুরের নবাবগঞ্জের মতিহারা সরকারি হাইস্কুলে ভোট দেবেন অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। উৎসবমুখর পরিবেশে শীর্ষ নেতাদের এই ভোটদান কর্মীদের মনোবল আরও চাঙ্গা করবে বলে আশা করছে বিএনপি।






















