বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, সেমিফাইনালে জায়গা করে নিল পাকিস্তান
- আপডেট সময়ঃ ১০:০০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ৮ বার পড়া হয়েছে
এশিয়ান গেমসে ক্রিকেটে কোনো বল না খেলেই সেমিফাইনালের টিকিট পেয়েছে পাকিস্তান। প্রবল বর্ষণে হংকংয়ের বিপক্ষে পাকিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।
ফলে মাঠে না নেমেই শেষ চারে জায়গা করে নিয়েছে সাহিবজাদা ফারহানের দল।
জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে আজ সকালে ম্যাচ হওয়ার কথা ছিল। তবে রাতভর বৃষ্টির পর সকালেও টানা বৃষ্টিতে মাঠ পানিতে তলিয়ে যায়। পরিস্থিতির উন্নতি না হওয়ায় টস করাও সম্ভব হয়নি।
শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে ম্যাচ পরিত্যক্ত হলে দুই দলের মধ্যে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এগিয়ে থাকা দল সেমিফাইনালে যাবে। এই মুহূর্তে পাকিস্তান আছে র্যাংকিংয়ের ছয়ে; হংকংয়ের অবস্থান ১৮ ধাপ পিছিয়ে ২৪ নম্বরে। ফলে পাকিস্তান শেষ চারে উঠে গেছে।
আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) সেমিফাইনালে খেলবে পাকিস্তান। সেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ অথবা মালয়েশিয়া।

























