সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়
- আপডেট সময়ঃ ০৭:৫৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই পরাজয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে জুনিয়র টাইগারদের।
১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দাপট দেখায় পাকিস্তান। দলের দুই ওপেনার হাইম খান ও উসমান খান তুলে নেন অর্ধশতক। ৬৯ রান করা হাইমকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন রবিউল অনিক। তবে এটিই ছিল ম্যাচে বাংলাদেশের বোলারদের একমাত্র সাফল্য।
এরপর আর কোনো উইকেটের দেখা পায়নি টাইগার বোলাররা। ফলে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। ব্যাটিংয়ের মতো বোলিংয়েও প্রতিপক্ষের সামনে কোনো প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ইনিংসের শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে দলটি। জারিফ সিয়াম ও কাউসার আহমেদরা ব্যাট হাতে ব্যর্থ হন। ব্যতিক্রম ছিলেন শুধু আল মুহি। তিনি অর্ধশতক তুলে নেন। কিন্তু অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় ১০০ রান পূর্ণ হওয়ার আগেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
আগের ম্যাচে সেঞ্চুরি করা আহসান মুনিম এবং অধিনায়ক ফরিদ হাসান ফয়সালও এ ম্যাচে রান করতে পারেননি। শেষ পর্যন্ত ব্যাটিং বিপর্যয়ে ৩১.৪ ওভারে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

























