ইউপি নির্বাচন শুরু হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে: সিইসি
- আপডেট সময়ঃ ০৩:৫৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ১৭ বার পড়া হয়েছে

ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তাঁর মতে, মানুষ ভোটমুখী হলে দেশে বিশৃঙ্খলা কমে যাবে।
আজ বুধবার (১৮ নভেম্বর) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম; বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এনআইডি সেবার মাধ্যমে জনগণের ভোগান্তি কমাতে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন সিইসি। তিনি জানান, এনআইডি সেবার ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে চায় সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এ সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি ও দুর্নীতির অভিযোগ আর দেখতে চায় না কমিশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে সিইসি বলেন, যথাসময়েই এ নির্বাচনের ভোট গ্রহণের তফসিল ঘোষণা করা হবে।
কর্মশালায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, গত দুই বছরে ১৭ লাখের বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। তবে এসব আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, যার কারণে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। দিনব্যাপী এ কর্মশালায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরা অংশ নেন।




















