পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
- আপডেট সময়ঃ ০৩:২০:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ৪ বার পড়া হয়েছে

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম চলবে। এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের পর ভর্তি পরীক্ষার আয়োজনের সুযোগ দিতে বুধবার (১৮ নভেম্বর) এ নির্দেশ দেওয়া হয়।
বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশিকা এবং ভর্তি পরীক্ষার সময়সূচির বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের বিষয়ে রুল জারি করেছেন আদালত।
রিটে বলা হয়, এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা বা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগেই বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে তাঁরা ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। এ কারণে ফল প্রকাশের পর ভর্তি পরীক্ষার আয়োজনের নির্দেশনা চাওয়া হয়।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে ৫ লাখ ৭ হাজারের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। সরকার সিদ্ধান্ত নিয়েছে, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এক মাসের মধ্যে ওই বিষয়গুলোতে পুনঃপরীক্ষা দিতে পারবেন। এসব পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ ডিসেম্বর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়ার কথা ছিল। হাইকোর্টের নির্দেশের ফলে নির্ধারিত সময়ের ওই পরীক্ষা স্থগিত থাকবে। তবে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের কার্যক্রম চালু রাখা যাবে।
এদিকে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বুধবার জানিয়েছেন, আদালতের পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পর আপিল করা হবে।
রিটটি করেন ব্যারিস্টার কামারুন নাহার মাহমুদ। অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে ভর্তি পরীক্ষা আয়োজনের ফলে তাঁদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ ক্ষতিগ্রস্ত হতে পারে, এমন আশঙ্কা থেকেই আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়।






















