প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যকারী সেই কলেজছাত্রের জামিন
- আপডেট সময়ঃ ০৪:২৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ১৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকার-সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার কলেজছাত্র সিফাত আব্দুল্লাহ কারাগার থেকে মুক্তি পেয়েছেন। হাইকোর্টের দেওয়া জামিনের আদেশের পর বুধবার (১৮ নভেম্বর) তিনি কারামুক্ত হন।
গত ৩ সেপ্টেম্বর রাতে গাজীপুরের নিজ বাসা থেকে সিফাতকে আটক করে গাছা থানা পুলিশ। পরদিন ৪ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কারাগারে পাঠানোর পর দুই দফায় তার জামিন আবেদন নাকচ হয়। প্রথমে ৭ সেপ্টেম্বর গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫ এবং পরে ২২ সেপ্টেম্বর গাজীপুর মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন প্রত্যাখ্যান করেন।
এরপর সিফাতের আইনজীবীরা জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। শুনানি শেষে উচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেন। সেই আদেশের ভিত্তিতেই বুধবার কারাগার থেকে মুক্তি পান তিনি।
এদিকে সিফাতের আইনজীবীদের দাবি, মামলার এজাহারে বিদ্যুৎ বিল নিয়ে তার কোনো মন্তব্যের উল্লেখ নেই। রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশে তাকে আগের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল বলেও অভিযোগ করেছেন তারা। সিফাত রাজধানীর আদমজী ক্যানটনমেন্ট কলেজের শিক্ষার্থী।






















