বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু আটক
- আপডেট সময়ঃ ০২:২৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ১৮ বার পড়া হয়েছে

রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাসা থেকে সাবেক প্রতিমন্ত্রী ও নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরুকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে উত্তরায় এসআরবি সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।
এসআরবি সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ৭টায় এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে একটি দল বারিধারা ডিওএইচএসের ওই বাসায় অভিযান চালায়। এ সময় সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম হিরুকে আটক করা হয়।
সূত্রের তথ্য অনুযায়ী, নাশকতাসহ বিভিন্ন মামলায় তাঁর বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আটকের পর এসআরবির সদস্যরা তাঁকে উত্তরায় বাহিনীর সদর দপ্তরে নিয়ে যান।
লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরু নরসিংদী-১ (সদর) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য। তিনি দীর্ঘদিন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নাশকতা ও সহিংসতার অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়। এসব মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।





















