টানা দরপতনের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল
- আপডেট সময়ঃ ০৩:৪২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে

টানা দরপতনের পর বিশ্ববাজারে ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের দাম। সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ৩ হাজার ৬১৬ দশমিক ৫১ ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত সপ্তাহে মূল্যবান এই ধাতুর দাম প্রায় ৯ শতাংশ কমেছিল।
একই সময়ে মার্কিন গোল্ড ফিউচারসের দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৬১৬ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে।
ক্যাপিটাল ডটকমের বিশ্লেষক কাইল রোডা রয়টার্সকে বলেন, প্রযুক্তি খাতের শেয়ার বিক্রি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের গতি কমে আসায় অর্থনীতি দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে, যার প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে।
এদিকে বিশ্ববাজারে রুপার দাম ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪২ দশমিক ৪১ ডলার হয়েছে। প্লাটিনামের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৩১৪ দশমিক ৮৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম একই হারে বেড়ে ৯০৩ দশমিক ১৫ ডলারে উঠেছে।
অন্যদিকে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।
আরও পড়ুন






















