পদত্যাগ করলেন বাংলাদেশের বোলিং কোচ শন টেইট
- আপডেট সময়ঃ ০৫:২১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / ৪ বার পড়া হয়েছে
পারিবারিক কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার শন টেইট। বৃহস্পতিবার (০৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি জানায়, নিজের পারিবারিক পরিস্থিতি সম্পর্কে বোর্ডকে অবহিত করার পর টেইট দায়িত্বে থাকার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে তিনি কম সময়ের জন্য কাজ চালিয়ে যেতে চেয়েছিলেন। পরবর্তীতে উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হয় যে, পদত্যাগ করাই হবে সবচেয়ে উপযুক্ত সমাধান। পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে বাংলাদেশ জাতীয় দলের কোচিং স্টাফে যোগ দেন টেইট। দায়িত্ব পালনের সময় তিনি দলের পেস বোলিং ইউনিটের উন্নয়নে কাজ করেন বলে জানায় বিসিবি।
বোর্ডের ভাষ্য অনুযায়ী, তার সময়কালে বাংলাদেশের পেস আক্রমণে উন্নতি লক্ষ্য করা গেছে এবং বিভিন্ন ফরম্যাটে ফাস্ট বোলারদের পারফরম্যান্সে ইতিবাচক পরিবর্তন এসেছে।
পদত্যাগ প্রসঙ্গে শন টেইট বলেন, বাংলাদেশ দলের সঙ্গে কাজ করা এবং খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে সময় কাটানো তার জন্য সম্মানের ছিল। সিদ্ধান্তটি নেওয়া সহজ ছিল না বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
বিসিবিও এক বিবৃতিতে তার অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছে এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানিয়েছে।
এদিকে টেইটের বিদায়ের পর জাতীয় দলের নতুন বোলিং কোচ নিয়োগের বিষয়টি সামনে এসেছে। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে এ দায়িত্ব সাময়িকভাবে দেওয়া হয়েছে তালহা জুবায়েরকে।















