দুই দিন আগে মারা যাওয়া শিহাব পেল জিপিএ-৫, পরিবারে নীরব কান্না
- আপডেট সময়ঃ ১১:২১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ৭ বার পড়া হয়েছে
মৃত্যুর দুই দিন পর সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলে শিহাব জিপিএ-৫ পেয়েছে। তবে ফল প্রকাশের আনন্দ আর উপভোগ করা হলো না তার।
নিহত শিহাব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের মানরা গ্রামের গাজীর বাড়ির মো. তফাজ্জল হোসেনের ছেলে। তফাজ্জাল হোসেন পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। দুই ভাই-বোনের মধ্যে শিহাব ছিল বড়। পরিবার নিয়ে গাজীপুরে বসবাস করায় সে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ঢাকা বিমানবন্দর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
পরিবার সূত্রে জানা গেছে, ছোট চাচার বিয়েতে যোগ দিতে পরিবারের সঙ্গে গাজীপুর থেকে গ্রামের বাড়িতে এসেছিল শিহাব। ৮ আগস্ট বাড়িতে বৌভাতের আয়োজন চলছিল। দুপুরে গোসল শেষে ভেজা কাপড় শুকাতে বাড়ির ছাদে ওঠে সে। কাপড় ছাদের কার্নিশে দিতে গেলে ডেকোরেশনের মরিচবাতির বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিহাব। মুহূর্তেই ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে।
স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন।
শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ বলেন, শিহাবের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। ছেলেটি ভালো পরীক্ষা দিয়েছিল। কিন্তু নিজের এই মেধার স্বাক্ষর আর দেখে যেতে পারল না।



















