রিয়াজুল হত্যা: হাসিনা-কাদেরসহ ২২ জনের বিরুদ্ধে চার্জশিট
- আপডেট সময়ঃ ০৫:৩৫:১৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮ বার পড়া হয়েছে
জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে শ্রমিক দলের কর্মী রিয়াজুল তালুকদারকে গুলি করে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।
চার্জশিটভুক্ত ২২ আসামির মধ্যে ১৬ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।
রোববার (৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা ও পুলিশের উপপরিদর্শক মহিউদ্দিন চৌধুরী।
তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা অ্যান্টি টেরোরিজম ইউনিটের পরিদর্শক নজীব আহমেদ গত ১৯ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন। আগামী ৮ সেপ্টেম্বর চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রাণিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল, সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ও নাহিম রাজ্জাক।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেল ৫টার দিকে যাত্রাবাড়ী থানার চার রাস্তার মোড়ে এক দফা দাবির সমর্থনে হাজারো ছাত্র-জনতা মিছিল করছিলেন। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর গুলি চালান বলে অভিযোগ করা হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে রিয়াজুল তালুকদার মারা যান।
এ ঘটনায় ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর নিহত রিয়াজুলের ভাই রুবেল তালুকদার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।
সূত্র: বাসস























