তিন ফসলি জমিতে প্রস্তাবিত খাদ্যগুদাম নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময়ঃ ০৬:৫৭:১২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ২৭ বার পড়া হয়েছে
মহসিন, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় উর্বর তিন ফসলি কৃষিজমিতে প্রস্তাবিত আঞ্চলিক খাদ্যগুদাম নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে র্যালি ও মানববন্ধন করেছেন ক্ষুব্ধ কৃষক ও এলাকাবাসী।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়ন ও কিচক ইউনিয়নের আপসন হিমাদ্রী কোল্ড স্টোরের পশ্চিম পাশে অবস্থিত প্রায় ১০৫ বিঘা উর্বর তিন ফসলি কৃষিজমি রক্ষার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া কৃষকেরা বলেন, প্রস্তাবিত আঞ্চলিক খাদ্যগুদাম নির্মাণের জন্য যে জমি নির্ধারণ করা হয়েছে, সেটি এলাকার অত্যন্ত উর্বর তিন ফসলি কৃষিজমি। এ জমিতে বছরে তিনবার বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয়। এসব ফসল স্থানীয় মানুষের খাদ্যের চাহিদা পূরণসহ কৃষকদের জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা বলেন, দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষিজমি রক্ষা করা অত্যন্ত জরুরি। যে জমি বছরে তিনবার ফসল ফলিয়ে মানুষের খাদ্যের জোগান দেয়, সেই উর্বর কৃষিজমি নষ্ট করে কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হলে তা কৃষি ও খাদ্যনিরাপত্তার জন্য ক্ষতিকর হতে পারে।
মানববন্ধনে বক্তব্য দেন সাদুরিয়া গ্রামের মুনসুর রহমান, মৌলানা মো. সানাউল্লাহ,মিনহাজুল ইসলাম, কৃষক আব্দুল আলিম, সানোয়ার হোসেন ও সাইদুল ইসলামসহ আপসন গ্রামের মোকাররম হোসেন, মাহাবুল ইসলাম, কৃষক মো. মোজা, এরশাদুল ইসলাম, আলহাজ আব্দুল কাদের, আলাউদ্দিন, মাসুদ, আতাউল্লাহ, নুরুল ইসলাম, আব্দুল আলিম, আজিজার রহমান, আলহাজ তৈয়ব আলী, কৃষক আবুল বাসারসহ স্থানীয় কৃষক ও এলাকাবাসী।
আপসন গ্রামের মোকাররম হোসেন বলেন, সরকার যদি আমাদের কাছ থেকে এই তিন ফসলি জমি ক্রয় করে, তাহলে আমরা চাষাবাদ করার জন্য জমি কোথায় পাব? আমাদের জীবিকা ও ভবিষ্যতের কথা চিন্তা করে এই উর্বর কৃষিজমি রক্ষা করতে হবে।
আপসন গ্রামের মাহাবুল ইসলাম বলেন, আমরা এই তিন ফসলি জমিতে চাষাবাদ করেই জীবিকা নির্বাহ করি। জমি চলে গেলে আমাদের পরিবারের আয়ের প্রধান উৎস বন্ধ হয়ে যাবে।
কৃষক মো. মোজা বলেন, আমরা কৃষিজমি রক্ষার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, কিন্তু আমাদের জীবিকার একমাত্র অবলম্বন এই তিন ফসলি জমি ছাড়তে চাই না।
বক্তারা প্রস্তাবিত আঞ্চলিক খাদ্যগুদাম নির্মাণের জন্য তিন ফসলি কৃষিজমির পরিবর্তে বিকল্প ও অনাবাদি জমি নির্বাচন করার দাবি জানান। একই সঙ্গে তারা কৃষকদের মতামতকে গুরুত্ব দিয়ে উর্বর কৃষিজমি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
বক্তারা বলেন, তিন ফসলি কৃষিজমি ধ্বংস করে খাদ্যগুদাম নয়, কৃষিজমি রক্ষা করে বিকল্প স্থানে খাদ্যগুদাম নির্মাণ করতে হবে।
মানববন্ধন শেষে কৃষক ও এলাকাবাসী একটি র্যালি বের করেন। র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি ঘটে।
























