অভিনেত্রী বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয় অপরাধ: সংসদে ডেপুটি স্পিকার
- আপডেট সময়ঃ ০৫:০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫ বার পড়া হয়েছে
ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর ইতালির ভেনিসে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, একজন অভিনেত্রীর সাথে এ ধরনের আচরণ অমার্জনীয় এবং নিন্দনীয় অপরাধ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদে একটি নোটিশের ওপর আলোচনার সময় ডেপুটি স্পিকার এ মন্তব্য করেন। তিনি বলেন, বাঁধনের ওপর হামলার ঘটনায় নির্মমতার চরম প্রকাশ ঘটেছে।
এদিন সংসদেও অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানানো হয়।
এর আগে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালির ভেনিসে গিয়ে হামলার শিকার হন আজমেরী হক বাঁধন। জানা গেছে, ভেনিসের মেস্ত্রে এলাকার একটি পার্কে ভাই ও তার ছোট সন্তানকে নিয়ে অবস্থান করার সময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে।
ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয় দিতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। এ সময় বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দিয়ে গালিগালাজ এবং শারীরিকভাবে হেনস্তা করা হয় বলেও অভিযোগ ওঠে।
হামলার ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশের শোবিজ অঙ্গনের বিভিন্ন তারকা ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে বিষয়টি সরকারের দায়িত্বশীল মহলের নজরেও এসেছে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, ভেনিসে বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ওই রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে ভেনিসে তার ওপর হামলার ঘটনার যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ ও সহশিল্পীদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।



















