কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে বাড়ছে লোডশেডিং
- আপডেট সময়ঃ ০৩:১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ২৪ বার পড়া হয়েছে
ভারতের ঝাড়খন্ডে অবস্থিত আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়ায় দেশে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে কেন্দ্রটির একটি ইউনিটে বয়লারজনিত সমস্যা দেখা দেয়। এতে উৎপাদন কমে ৭৫০ মেগাওয়াটের নিচে নেমে এসেছে।
এর আগে কয়লা সংকট কাটিয়ে কেন্দ্রটিতে উৎপাদন বাড়ছিল। বৃহস্পতিবার রাতে উৎপাদন ১ হাজার ৪০০ মেগাওয়াট ছাড়িয়েছিল। তবে ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আবারও খারাপ হয়েছে।
কেন্দ্রটির কর্মকর্তারা জানিয়েছেন, বয়লার ঠান্ডা হতে অন্তত ৪৮ ঘণ্টা সময় লাগবে। এরপর শুরু হবে মেরামত। ফলে পুরো উৎপাদন স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।
শুধু আদানি নয়, গ্যাস সংকটে দেশের অভ্যন্তরীণ বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদনও কমেছে। পাশাপাশি কয়লা সংকট ও কারিগরি ত্রুটিতে পায়রা ও রামপাল বিদ্যুৎকেন্দ্রেও ব্যাহত হচ্ছে উৎপাদন।
এরই মধ্যে বৃহস্পতিবার বেলা ৩টায় দেশে সর্বোচ্চ ৩ হাজার ৫৫৭ মেগাওয়াট লোডশেডিং রেকর্ড করা হয়েছে। শুক্রবার সকালেও সারা দেশে আড়াই হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং ছিল।
ফলে ছুটির দিনেও বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।



















