ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট: ছোট ব্যবসায়ীদের দিতে হবে মাসে ৫০০ টাকা
- আপডেট সময়ঃ ০৩:৩৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ২৭ বার পড়া হয়েছে
ইউনিয়ন পর্যায়ের ছোট দোকানেও এবার বসতে পারে ভ্যাট!
ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনতে নতুন পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ইউনিয়ন পর্যায়ের ব্যবসায়ীদের মাসে ৫০০ টাকা, উপজেলা পর্যায়ে ১ হাজার এবং জেলা সদর ও পৌর এলাকায় ২ হাজার টাকা হারে ভ্যাট দিতে হতে পারে।
ভ্যাট পরিশোধের প্রক্রিয়া সহজ করতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ জমা দেওয়ার সুযোগ রাখার পরিকল্পনাও রয়েছে। ভবিষ্যতে এ জন্য আলাদা অ্যাপ চালুর কথাও ভাবছে এনবিআর।
ইতোমধ্যে দেশের বিভিন্ন উপজেলা ও বাজারের দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিপণিবিতানের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। এসব তথ্য বিশ্লেষণ করে কোন ধরনের প্রতিষ্ঠানকে এই নির্ধারিত ভ্যাটের আওতায় আনা হবে, তা চূড়ান্ত করা হবে।
এনবিআরের প্রাথমিক পরিকল্পনায় তিন থেকে পাঁচ লাখ ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে এই ব্যবস্থার আওতায় আনার কথা রয়েছে।
বর্তমানে বছরে ৫০ লাখ টাকার বেশি লেনদেন হলে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক। তবে এবার ন্যূনতম নির্ধারিত ভ্যাট চালুর মাধ্যমে প্রত্যন্ত এলাকার ছোট ব্যবসায়ীদেরও কর ব্যবস্থার আওতায় আনতে চায় এনবিআর।
চলতি অর্থবছরে ভ্যাট থেকে ২ লাখ ৫৭ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য রয়েছে সংস্থাটির।





















