শিশুকে ধর্ষণ মামলায় মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড
- আপডেট সময়ঃ ০২:৫১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে

নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা করার মামলায় মাদরাসা শিক্ষক আমানুল্লাহ মাহদী ওরফে সাগর হুজুরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ মামলার অপর আসামি তাঁর বড় ভাই মাইমন ওরফে মামুন মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
দুপুরে শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন। মাত্র নয় কার্যদিবসে মামলার বিচারকাজ শেষ করে রায় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সরকারি পাবলিক প্রসিকিউটর (পিপি) নুরুল কবির রুবেল।
মামলার নথি থেকে জানা যায়, মা-বাবার বিচ্ছেদের পর শিশুটি নেত্রকোণার মদনে তার নানার বাড়িতে থাকত। সেখানে আমানুল্লাহ মাহদীর প্রতিষ্ঠিত মহিলা কওমি মাদরাসায় পড়াশোনা করত সে। একপর্যায়ে শিশুটির অসুস্থতা ও শারীরিক পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের মাধ্যমে তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
এ ঘটনায় শিশুটির মা গত ২৩ এপ্রিল মদন থানায় মাদরাসা শিক্ষক আমানুল্লাহ মাহদী ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে মামলা করেন। পরে ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে আমানুল্লাহ মাহদীকে গ্রেপ্তার করে র্যাব-১৪।
তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। আদালতের নির্দেশে পরিচালিত ডিএনএ পরীক্ষায় নবজাতকের সঙ্গে মাদরাসা শিক্ষকের ডিএনএর মিল পাওয়া যায়। শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে আদালতের নির্দেশে তাকে সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়।





















