জবিতে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার শিক্ষার্থীকে তিন দিনের রিমান্ড
- আপডেট সময়ঃ ০৪:২৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ২০ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার মো. রেজওয়ান আহম্মেদকে (২৪) জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১০ নভেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক মোহাম্মদ নাজমুল আলম টুটুল।
এদিন আদালতে আসামি রেজওয়ানের পক্ষে আইনজীবী গোলাম রাব্বানী, শরিফুল ইসলামসহ কয়েকজন রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ৯ নভেম্বর রাত ৭টা ৪৫ মিনিটের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের পাকা রাস্তার ওপর একটি ককটেল বিস্ফোরিত হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে আসামি রেজওয়ানকে একটি অবিস্ফোরিত ককটেলসহ আটক করে বলে রিমান্ড আবেদনে উল্লেখ করেন। পরে অধিকতর জিজ্ঞাসাবাদে আসামি রেজওয়ান স্বীকার করেন যে এজাহারনামীয় অন্যান্য আসামি এবং ২৫/৩০ জন অজ্ঞাত আসামি ব্যক্তি, সম্পত্তি, দেশকে অস্থিতিশীল করার জন্য ককটেল বিস্ফোরণ ঘটায়। সেখানে উত্তেজিত জনতা তাকে প্রচুর মারধর করায় সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে রেজওয়ানসহ এজাহারনামীয় এবং ২৫/৩০ জন অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. ইমরান হোসাইন বাদী হয়ে মামলা করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, মামলাটি বর্তমানে তদন্তাধীন। আসামি জামিন পেলে পলাতক হতে পারেন। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জেলহাজতে আটক রাখাসহ পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
রিমান্ড আবেদনে জবি শিক্ষার্থী রেজওয়ানকে (নিষিদ্ধ সংগঠন) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।




















