জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লামায় গণসংহতি আন্দোলনের পথসভা।
- আপডেট সময়ঃ ০৯:৩০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ৬ বার পড়া হয়েছে
মোহাম্মদ করিম,লামা – আলীকদম প্রতিনিধি: জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়নের দাবিতে বান্দরবানের লামা উপজেলায় গণসংহতি আন্দোলনের উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হইয়াছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের প্রধান ফটকের সম্মুখে আয়োজিত উক্ত পথসভায় বক্তাগণ জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
পথসভায় সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন লামা উপজেলা শাখার সভাপতি মো. ফরিদ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন বান্দরবান জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মো. আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লামা পৌরসভা শাখার আহ্বায়ক মো. লোকমান হোসেন সওদাগর, লামা উপজেলা শাখার সহ-সভাপতি সিমন জলাই, সাধারণ সম্পাদক প্রণয় ত্রিপুরা এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন বান্দরবান জেলা শাখার নেতা মো. জায়েদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মো. আবুল কালাম বলেন, “২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ গণআন্দোলনের অন্যতম মাইলফলক। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়াই ফ্যাসিবাদী শাসনের পতন ঘটিয়াছে। কিন্তু এই বিজয় কেবল ক্ষমতার পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকিলে চলিবে না; রাষ্ট্রের সর্বস্তর হইতে ফ্যাসিবাদী কাঠামোর স্থায়ী অবসান নিশ্চিত করিতে হইবে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ জবাবদিহিহীন সাংবিধানিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার হরণ করিয়াছিল। সেই স্বৈরতান্ত্রিক ব্যবস্থার চিরসমাপ্তি এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকারই ‘জুলাই সনদ’। অতএব, আগামী সংসদ অধিবেশনেই সকল রাজনৈতিক দলের স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা সরকারের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব।”
সভায় আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন গজালিয়া ইউনিয়ন শাখার সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুল্লাহ, পারভেজ, মো. সাহেদ, তানভীর আহমেদসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।
পথসভার বক্তাগণ অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের জোর দাবি জানান এবং গণতন্ত্র, জবাবদিহিতা, সুশাসন ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দেশব্যাপী গণআন্দোলন আরও বেগবান করিবার আহ্বান জানান।
























